কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বর্তমানে ইরানের ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ রয়েছে বলে দাবি করেছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার আলী ওজমাই। পারস্য উপসাগরের একটি দ্বীপে অবস্থিত নৌবাহিনীর একটি অপারেশনাল ইউনিট পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। ইরানের সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। আলী ওজমাই বলেন, ‘আমরা কেবল এই জলপথটি নিয়ন্ত্রণই করছি না, বরং হরমুজ প্রণালির কেন্দ্রস্থলে শক্তির ভারসাম্য বদলে দেওয়ার মতো সক্ষমতাও তৈরি করেছি।’
এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তার বিষয়ে আলী ওজমাই বলেন, ‘এই রুটে শান্তিপূর্ণ ও নিরাপদ চলাচল সম্পূর্ণভাবে নির্ভর করছে ইরানের বৈধ সার্বভৌম অধিকারের প্রতি শ্রদ্ধা জানানোর ওপর।’
এদিকে বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান বলেছেন, শত্রু বাহিনীকে অনেক দূর পর্যন্ত পিছু হটিয়ে দিতে ইরানি বাহিনী পুরোপুরি প্রস্তুত। চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বড় ধরনের কৌশলগত ধাক্কার মুখে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি।
অন্যদিকে, শত্রুদের বহুমুখী চাপ মোকাবিলায় ইরানি জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা (আইআরএনএ)-র প্রতিবেদনে বলা হয়েছে, একটি নতুন শহুরে রেললাইনের প্রথম ধাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘শত্রুরা চায় না ইরান এগিয়ে যাক। কিন্তু আমাদের সব বিভেদ ভুলে হাতে হাত রেখে এগোতে হবে এবং অভ্যন্তরীণ শক্তি ও জনগণের অংশগ্রহণের ওপর ভর করে দেশের প্রবৃদ্ধি, উন্নয়ন ও সমৃদ্ধির পথকে আরও শক্তিশালী করতে হবে।’
নিষেধাজ্ঞা ও যুদ্ধের মাধ্যমে শত্রুরা দেশের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করলেও ইরান গুরুত্বপূর্ণ সব অর্জন অব্যাহত রেখেছে বলেও মন্তব্য করেন ইরানি প্রেসিডেন্ট।